বৃহস্পতিবার,১৩ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ,২৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে জামালপুরে আলোচনা সভা ও সম্মাননা সনদ বিতরণ

তরুণদের আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়ন করি, আজকের প্রত্যয়ে সুন্দর আগামী গড়ি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে জামালপুরে নানা কর্মসূচির মধ্য দিয়ে বিশ্ব জনসংখ্যা দিবস-২০২৬ উদযাপিত হয়েছে।
দিবসটি উপলক্ষে জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উদ্যোগে আলোচনা সভা ও সম্মাননা সনদ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জামালপুর সদর আসনের সংসদ সদস্য শাহ্ মোঃ ওয়ারেছ আলী মামুন। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মোছাঃ ফারহানা ইয়াসমিন এবং সিভিল সার্জন ডা. মোহাম্মদ আজিজুল হক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুফ আলী। সঞ্চালনা করেন জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালক মাজেদুর রহমান।
আলোচনা সভায় বক্তারা টেকসই উন্নয়ন, পরিকল্পিত পরিবার গঠন, মাতৃ ও শিশুস্বাস্থ্য সুরক্ষা এবং তরুণদের সচেতন ও দায়িত্বশীল অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরেন। তারা বলেন, দেশের উন্নয়ন ও জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তর করতে তরুণদের দক্ষতা বৃদ্ধি, প্রজনন স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ এবং সচেতনতা বৃদ্ধির বিকল্প নেই।
প্রধান অতিথি শাহ্ মোঃ ওয়ারেছ আলী মামুন বলেন, দেশের প্রায় এক-তৃতীয়াংশ জনগোষ্ঠী তরুণ। তাদের সঠিক শিক্ষা, প্রজনন স্বাস্থ্যসেবা ও কর্মসংস্থানের সুযোগ নিশ্চিত করা গেলে দেশের জনসংখ্যা একটি শক্তিশালী জনসম্পদে পরিণত হবে। তিনি পরিবার পরিকল্পনা সেবাকে আরও গতিশীল ও জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে সংশ্লিষ্ট সকলের আন্তরিকভাবে দায়িত্ব পালনের আহ্বান জানান।
অনুষ্ঠানের শেষ পর্বে পরিবার পরিকল্পনা, মা ও শিশুস্বাস্থ্যসেবা কার্যক্রমে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠ কর্মকর্তা-কর্মচারী এবং শ্রেষ্ঠ সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিদের হাতে সম্মাননা সনদ ও বিশেষ পুরস্কার তুলে দেওয়া হয়।
এ সময় জেলা প্রশাসন, স্বাস্থ্য বিভাগ, পরিবার পরিকল্পনা বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী, মাঠকর্মী এবং স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন