নতুন রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী মনোনয়ন, দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং সাংগঠনিক বিভিন্ন বিষয় নিয়ে আজ শনিবার সন্ধ্যায় বৈঠকে বসছে বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটি।
বৈঠকের প্রধান আলোচ্য বিষয় হতে পারে নতুন রাষ্ট্রপতি নির্বাচন এবং এ পদে বিএনপির সম্ভাব্য প্রার্থী চূড়ান্ত করার বিষয়টি-এমনটাই জানা গেছে দলীয় সূত্রে।
বৈঠকের বিষয়টি নিশ্চিত করে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানিয়েছেন, শনিবার সন্ধ্যায় স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে। তবে বৈঠকের আলোচ্যসূচি সম্পর্কে তিনি আনুষ্ঠানিকভাবে কিছু জানাননি।
দলীয় একাধিক সূত্র জানিয়েছে, চলতি আগস্ট মাসের মধ্যেই নতুন রাষ্ট্রপতি নির্বাচন সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে। সে কারণে বিএনপির পক্ষ থেকে কাকে রাষ্ট্রপতি পদে মনোনয়ন দেওয়া হবে, তা নিয়ে বৈঠকে বিস্তারিত আলোচনা হতে পারে। যদিও চূড়ান্ত সিদ্ধান্ত দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ওপর ছেড়ে দেওয়া হতে পারে বলে সংশ্লিষ্ট নেতাদের ধারণা।এর আগে ২৬ জুলাই বগুড়ায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, রাষ্ট্রপতি পদে দলীয় নাকি নির্দলীয় কাউকে মনোনয়ন দেওয়া হবে, সে সিদ্ধান্ত সংবিধান ও আইন অনুযায়ী জাতীয় স্থায়ী কমিটির বৈঠকেই নেওয়া হবে।
দলীয় অন্দরে সম্ভাব্য প্রার্থী হিসেবে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম সবচেয়ে বেশি আলোচনায় রয়েছে। দীর্ঘদিন দলের নেতৃত্ব দেওয়া, রাজনৈতিক সংকট মোকাবিলায় ভূমিকা এবং দলীয় গণ্ডির বাইরেও গ্রহণযোগ্যতার কারণে তাকে সম্ভাব্য প্রার্থী হিসেবে বিবেচনা করা হচ্ছে বলে জানা গেছে।
গত ২৪ জুলাই শারীরিক ও মানসিক সক্ষমতার কারণ দেখিয়ে রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করেন মোঃ সাহাবুদ্দিন। এরপর থেকে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করছেন।
সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতির পদ শূন্য হওয়ার পর নির্ধারিত সময়ের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হয়। এরই মধ্যে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতির অংশ হিসেবে স্পিকারের সঙ্গে বৈঠক করেছেন।



