রবিবার,১৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ,১লা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

পাংশায় সংঘর্ষে নিহতের ঘটনায় মামলা, আসামি প্রায় ৩৫০ জন

 রাজবাড়ীর পাংশা উপজেলায় জমি-জমা ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে একজন নিহত হওয়ার ঘটনায় ৪৯ জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত আরও প্রায় ৩০০ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে।

নিহত জামিন বিশ্বাসের ছেলে রিপন বিশ্বাস বুধবার (২৪ জুন) পাংশা মডেল থানায় উপস্থিত হয়ে মামলাটি দায়ের করেন। মামলায় আওয়ামী লীগ নেতা আকমল হোসেন টিক্কাকে প্রধান আসামি করা হয়েছে।

পুলিশ জানায়, গত ২১ জুন সংঘর্ষে গুরুতর আহত জামিন বিশ্বাস চিকিৎসাধীন অবস্থায় রাতে মারা যান। তিনি পাংশা উপজেলার পাট্টা ইউনিয়নের ঢেঁপা-মাজাইল গ্রামের হোসেন আলী বিশ্বাসের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার কশবামাজাইল ইউনিয়নের দড়ি বাংলাট এবং পাট্টা ইউনিয়নের ঢেঁপা-মাজাইল গ্রামের বাসিন্দাদের মধ্যে জমি সংক্রান্ত বিরোধের জেরে উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। পরে বিরোধটি আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আরও তীব্র আকার ধারণ করে। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত আটজন আহত হন।

জামিন বিশ্বাসের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর ক্ষুব্ধ লোকজন হামলাকারীদের কয়েকটি বসতবাড়িতে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটায় বলে অভিযোগ পাওয়া গেছে।

সংঘর্ষের পর থেকে দড়ি বাংলাট, বড় বাংলাট ও পারকুল এলাকায় আতঙ্ক বিরাজ করছে। অনেক পুরুষ সদস্য এলাকা ছেড়ে যাওয়ায় গ্রামগুলো প্রায় পুরুষশূন্য হয়ে পড়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন।

এ বিষয়ে পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মঈনুল ইসলাম বলেন, জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় ৪৯ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত প্রায় ৩০০ জনকে আসামি করে মামলা দায়ের হয়েছে। আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন