জাতীয়তাবাদী দল (বিএনপি)’র নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের অংশ হিসেবে সম্ভাব্য ফ্যামিলি কার্ড কর্মসূচির জন্য পরিবারভিত্তিক তথ্য সংগ্রহে নিয়োজিত তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার পদে নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৬ জুলাই) গাজীপুরের কালীগঞ্জ উপজেলার বালীগাঁও উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। কালীগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতিতে স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিশ্চিত করে পরীক্ষাটি গ্রহণ করা হয়।
পরীক্ষা চলাকালে কেন্দ্র পরিদর্শন করেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এটিএম কামরুল ইসলাম। তিনি পরীক্ষার সার্বিক পরিবেশ, শৃঙ্খলা ও ডিজিটাল ব্যবস্থাপনা পর্যবেক্ষণ করেন এবং দায়িত্বপ্রাপ্তদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, যোগ্য ও দক্ষ জনবল নির্বাচন এবং নিয়োগ প্রক্রিয়ায় সর্বোচ্চ স্বচ্ছতা নিশ্চিত করার লক্ষ্যে আধুনিক ও ডিজিটাল পদ্ধতিতে এই পরীক্ষা আয়োজন করা হয়েছে। নির্বাচিত তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজাররা ভবিষ্যতে ফ্যামিলি কার্ড কর্মসূচির জন্য পরিবারভিত্তিক তথ্য সংগ্রহের দায়িত্ব পালন করবেন।



