কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় পৃথক দুইটি অভিযানে ইয়াবাসহ ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় আরও ২ জন আসামী পলাতক রয়েছে। সোমবার (৪ মে) রাতে উপজেলার বিভিন্ন এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, কালীগঞ্জ থানাধীন জাংগালিয়া ইউনিয়নের ছাতিয়ানী উত্তরপাড়া এলাকায় ওয়াহিদ প্রধানের বাড়ির পশ্চিম পাশে পাকা সড়কের উপর অভিযান চালিয়ে মোঃ ফাহমিদ শেখ (২৩) কে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট (ওজন প্রায় ৫ গ্রাম) উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য ১৫ হাজার টাকা। এ ঘটনায় মোঃ শাহাদাত হোসেন ওরফে রবিন (৩৫) পলাতক রয়েছেন।
এ ঘটনায় এসআই (নিঃ) মোঃ জহিরুল ইসলাম বাদী হয়ে কালীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছেন (এফআইআর নং-৫, তারিখ: ০৪ মে ২০২৬)। মামলাটি তদন্ত করছেন এসআই শামীম শেখ।
অন্যদিকে একই রাতে উপজেলার বাহাদুরশাদী ইউনিয়নের দক্ষিণবাগ এলাকায় ধৃত আসামী ইসমাইল শেখের বাড়ির উঠানে অভিযান চালিয়ে মোঃ ইসমাইল শেখ (২৫) ও মেরাজ আকন্দ (২৬) কে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৩০ পিস ইয়াবা ট্যাবলেট (ওজন প্রায় ৩ গ্রাম) উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য ৯ হাজার টাকা। এ ঘটনায় মোঃ মনির (৩৫) নামের আরও এক আসামী পলাতক রয়েছেন।
এ ঘটনায় এসআই (নিঃ) মোঃ ইনছান মিয়া বাদী হয়ে কালীগঞ্জ থানায় আরেকটি মামলা দায়ের করেন (এফআইআর নং-৬, তারিখ: ০৫ মে ২০২৬)। মামলাটি তদন্ত করছেন এসআই আসলাম খান পিপিএম।
পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারণির ১০(ক)/৪১ ধারায় মামলা দায়ের করা হয়েছে এবং পলাতক আসামীদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।



